বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, অবৈধ প্রধানমন্ত্রী রক্তের নেশায় বিভোর হয়ে গেছেন। গত সাত বছর যাবৎ তিনি মানুষ হত্যায় মেতে উঠেছেন। আর এভাবেই শেখ হাসিনা দেশকে ধ্বংসের চুড়ান্ত পর্যায় নিয়ে গেছে। এ থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় আন্দোলন করতে হবে। এর বিকল্প নেই। 

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন আয়োজিত ‘বিহারী পল্লীতে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মী এমনকি নিজ দলের প্রতিপক্ষকে হত্যা করে চলছে। এরই ধারাবাহিকতায় বিহারী পল্লীতে নারকীয় হত্যাকান্ড করেছে।
তিনি বলেন, স্থানীয় সরকার দলীয় এমপির নেতৃত্বে জায়গা দখলের জন্য ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারছে। এভাবে দেশ চলতে পারে না। এর একটা বিহীত করা উচিৎ।
তদন্ত কমিটির সমালোচনা করে বলেন, যে পুলিশ বাহিনী নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের দিয়ে আবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে সুষ্ঠু তদন্ত হবে না। প্রকৃত খুনীদের নাম বের হবে না। আসল খুনীদের বিচারের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লা, নগরজাগপার সভাপতি এহসানুল হক প্রমুখ।

ঢাকা, এমএইচ, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)