আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জন্য নির্বাচন কমিশনে না গিয়ে বিএনপিকে তারেক কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার দুপুরে  রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, বিএনপির পক্ষ থেকে সিটি কর্পোরশন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলা হচ্ছে। এ জন্য তারা সরকার ও নির্বাচন কমিশনকে কাজ করার কথা বলছে।  আমি বলবো আগে লেভেল প্লেইং ফ্লিড তৈরির জন্য খালেদা-তারেক কমিশনে গিয়ে দাবি জানান।  

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা-তারেক কমিশনে গিয়ে লেভেল প্লেইং ফ্লিড তৈরীর দাবি জানান। উনাদের এই বোমাবাজী-সন্ত্রাসের কারণে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরী করার প্রথম দায়িত্ব আপনাদের। হরতাল-অবরোধ প্রত্যাহার করে নির্বাচন কমিশনে যাবেন। সন্ত্রাস-বোমাবাজের রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় ফিরে আসলেই লেভেল প্লেইং ফ্লিড তৈরির পরিবেশ সৃষ্টি হবে ।

সুরঞ্জিত বলেন, এই নির্বাচনে দুই পক্ষের (শেখ হাসিনা-খালেদা জিয়া) কারো জয়-পরাজয় নেই। নির্বাচনের রায় যাই হোক উভয় পক্ষরই বিজয় হবে। জয় হবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতির।

সংগঠনের সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এমআর