দৈনিক আমাদের সময় পত্রিকার অনলাইনে “জামায়াতের সাবেক এমপির গোডাউনে যুবলীগ নেতার ১২শ বস্তা চাল” শিরোনামে প্রকাশিত খবরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (০১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “দৈনিক আমাদের সময় পত্রিকায় জামায়াতের সাবেক এমপির গোডাউন থেকে চাল উদ্ধারের যে কাল্পনিক তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
“প্রকাশিত খবরে জামায়াতের সাবেক এমপি, কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নাম উল্লেখ করে ‘হায়দরী গার্মেন্টস’ জাবেদের গুদামঘর হিসেবে পরিচিত বলে যে সব আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে তা জঘন্য মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। ডা. তাহেরের এ ধরনের কোনো গুদামঘর নেই। সংশ্লিষ্ট রিপোর্টার ডা. আব্দুল্লাহ মো: তাহেরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তার মর্যাদা ও সম্মানের উপর আঘাত করেছেন। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের মিথ্যা ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ সংবাদপত্র ও গণমাধ্যম নীতিমালার পরিপন্থী।”
মতিউর রহমান আকন্দ বলেন, এ ধরনের কাল্পনিক ও আজগুবি রিপোর্ট প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক আমাদের সময় পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





