নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরের কালীবাজার এলাকায় ত্বকী মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে।
২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন। এ উপলক্ষে কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছে ত্বকী মঞ্চ। শুক্রবার বিকালে রফিউর রাব্বীসহ মঞ্চের কিছু কর্মী কালীবাজার এলাকায় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় রফিউর রাব্বীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
লিফলেটের ভাষা ছিল, ‘আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে কোনো খুনি, সন্ত্রাসী, গডফাদারের পরিবারের সদস্যদের ভোট দেবেন না।’
এ ব্যাপারে রফিউর রাব্বী বলেন, ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের পক্ষে এলাকাবাসীর সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছিল। এসময় কয়েকজন লোক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের লোকজন এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। হামলার সময় নারায়ণগঞ্জ মডেল সদর থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলের কাছেই উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন রাব্বী।
রফিউর রাব্বীর অভিযোগের ব্যাপারে মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদেরের মোবাইলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





