বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকারের লোকেরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দুনীতি, গুম-খুন হলো এ সরকারের উন্নয়ন। এসব অপকর্মের চিত্র যাতে গণমাধ্যম তুলে ধরতে না পারে সে জন্যই জাতীয় সম্প্রচার নীতি মালার নামে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কর্মজীবি দল আয়োজিত ‘প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা এবং গণতন্ত্রের ভবিষ্যত শীর্ষক’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ দুই ভাগে বিভক্ত। সাংবাদিক সমাজ একত্র থাকলে সম্প্রচার নীতিমালা করতে পারতো না। সাংবাদিকেরা হলো গণতন্ত্রের প্রাণ। তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে এ নীতিমালা প্রতিহত করুন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, গণতন্ত্র নির্ভর করছে গণতন্ত্রমনা মানুষের ওপর। জেল, জুলুম নির্যাতন সত্ত্বেও সাহস নিয়ে এ অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সেকরিফাইজ করে আন্দোলন করতে হবে। অন্যথায় গণতন্ত্র অন্ধকার।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকার গণতন্ত্র ও সমাজের সভ্য মানুষের কথায় কান না দিয়ে জাতীয় সম্প্রচারনীতি মালার গেজেট প্রকাশ করেছে। সরকারের পায়ের তলায় মাটি নেই। জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতেই গণমাধ্যমের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, সব টেলিভিশনের লাইসেন্স দিলাম আমি আর কথা বলে বিরোধী দলের। তখনই আমরা আশংকা করেছিলাম এ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, সম্প্রচার নীতিমালা থাকবে না। কারণ এ সরকার ক্ষমতায় থাকবে না। শেখ মুজিব আওয়ামী লীগের পরিত্যক্ত সম্পতি। শেখ মুজিব হারিয়ে গেছেন তার ভুল রাজনীতির কারণে। তাই আগস্ট মাস থেকে আওয়ামী লীগের শিক্ষা নেয়া উচিৎ।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবী উল্লাহ নবী, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার প্রমুখ।

ঢাকা, এমএইচ, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর, জেএ