ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত করে ১২ কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।ফুটবল খেলার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনায় এ কমিটি স্থগিত করা হয়।
এদিকে সাংবাদিকদের মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সোমবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন।
মামলায় ঢাবির আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহাগ, বিদ্যুৎ, ও শরীফকে গ্রেফতার দেখানো হয়েছে।
একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবি ভিসির নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন সমিতির সদস্যরা।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলীর পদত্যাগ চেয়েছে সাংবাদিক সমিতির সদস্যরা।
ঘটনাসূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর সাংবাদিকগণ প্রীতি ফুটবল খেলতে রেজিস্ট্রার বিল্ডিং সংলগ্ন মল চত্বরে যায়। সেখানে হলের ক্যান্টিন বয়দের নিয়ে ফুটবল খেলছিলেন সুর্যসেন হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। সাংবাদিকরা তাদের খেলতে দেওয়ার অনুরোধ জানায়। এতে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয় ছাত্রলীগ কর্মীরা।
পরে রাত সোয়া আটটার দিকে হল সভাপতি মোবারক হোসেন গ্রুপের ২৫-৩০ জন ছাত্রলীগকর্মী সাংবাদিকদের উপর চাপাতি, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
এ সময় হামলায় সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক গালিব আশরাফ, সময় টিভির মাসুদুর রহমান চাপাতির কোপ ও রডের আঘাতে গুরুতর আহত হন।
তাদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের ঢাবি মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
এছাড়া আহত অন্যান্য সাংবাদিকরা হলেন- যমুনা টিভির মনিরুল ইসলাম, কালের কন্ঠের রফিকুল ইসলাম, দৈনিক বর্তমানের মাহমুদুল হাসান, মানব কণ্ঠের রেজা আকাশ, বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দীন, এশিয়ান টিভির আরাফাত সরকার সেতু, দ্য রিপোর্টের সাবেক প্রতিবেদক জাহিদ হাসানসহ অন্তত ১০ জন সাংবাদিক।
এ ঘটনায় রাতেই সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে রাতেই ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরিফ স্বাক্ষরিত একটি বিবৃতিতে হল কমিটি স্থগিত ও ১২ কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র মিজান, ঢাবির আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহাগ, সংস্কৃতি বিভাগের পারভেজ মোখলেস, মেহেদী, বিদ্যুৎ, জাকির, খোকন, রাহাত, নোবেল, শরীফ ও হামিদ।
এ ঘটনায় প্রক্টরের দায়িত্বে অবহেলার অভিযোগ ও দোষীদের আজীবন বহিষ্কারের দাবি চেয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।
ঢাকা, এলআর,১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





