উপজেলা নির্বাচনের শেষ ধাপে সরকার গণতন্ত্রের লাশের ওপর পৈশাচিক উল্লাস করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,গণতন্ত্র না থাকলে মানবাধিকার থাকে না। আইনের শাসনও থাকে না।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন আয়োজিত 'অবরুদ্ধ গণতন্ত্র বিপন্ন মানবতা আজকের প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমানে দেশে কোন গণতন্ত্র ও মানবাধিকারের অস্তিত্ব নেই মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে হত্যা করেছে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রীর খাস গোলাম। প্রবাদে আছে ছাগল নাচে খুঁটির জোরে। তার (মোবারক)বক্তব্য শুনলেই বুঝা যায় তার খুঁটির জোর কোথায়।
তিনি বলেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের স্বাধীনতা বলতে কিছু নেই। তারা সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রবীণ এই আইনজীবী বলেন, আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ষড়যন্ত্র করছে। মনে হয় না তারা ৫ বছরের আগে ক্ষমতা ছাড়বে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,আগামী ৫ বছর আগে ক্ষমতা ছাড়তে না চাইলে আপনাদের করুণভাবে বিদায় নিতে হবে। তখন আর পুলিশের অস্ত্র কাজে লাগবে না।
সংগঠনের সভাপতি রমিজ উদ্দীন রুমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, অ্যাডভোকেট সিমকী ইমাম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]