কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডের নামে ভয়াবহ ও নিষ্ঠুর নির্যাতন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে চরম দলন ও পীড়নের পথ বেছে নিয়েছে। তারা জামায়াতে ইসলামীসহ বিরোধী দলকে নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের জন্য সারাদেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম ও অপহরণ চালাচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলের ঘরোয়া বৈঠকগুলোকে কথিত গোপন বৈঠক আখ্যা দিয়ে নেতাকর্মীর গ্রেফতার করে কারারুদ্ধ ও নির্যাতন চালানো হচ্ছে। সরকার দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের বিরোধী দল নির্মূলের জন্য মাঠে নামিয়েছে। পুলিশ শুধুমাত্র রাজনৈতিক কারণে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মামলা দিয়ে কথিত রিমান্ডে নামে বিভৎস ও লোমহর্ষক নির্যাতন চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের বিরোধী দল নির্মূলের ষড়যন্ত্র ও জনপ্রিয় নেতাদের রাজনৈতিকভাবে হয়রানী ও হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সহকারীর সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মু, শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে কথিত রিমান্ডের নামে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। নির্মম নির্যাতনে তাদের অবস্থা শংকটাপন্ন দেখে ড. মাসুদসহ ৩ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কথিত রিমান্ডের নামে রাজনৈতিক নেতাদের সাথে এহেন গর্হিত আচরণ আইনের শাসন, সংবিধান ও মানবাধিকারের মারাত্মক লংঘন।

তিনি কথিত রিমান্ডের নামে ড. মাসুদসহ নেতাকর্মীদের নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সরকারকে জুলুম-নির্যাতন ও অপরাজনীতি পরিহার করে অবিলম্বে ড. মাসুদ জামায়াত নেতাকর্মীর রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় সৃষ্ঠ পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই