হত্যা,গুম বন্ধ না করলে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দমন পীড়ন মোকাবিলা করতে জাতীয়তাবাদী শক্তির একমাত্র অস্র হচ্ছে জনগণের সম্মিলিত বুলন্দ আওয়াজ।
আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না এমন মন্তব্য করে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে এরা মূলত জনগণের কাছে বিভ্রান্তি ছড়ায়। জনসমর্থনহীন ও ভোটারবিহীন ৫ জানুয়ারির নির্বাচনের পর এদের এখন ক্ষমতার ভিত্তি হচ্ছে বন্দুক। আওয়ামী লীগ এখন দস্যুবৃত্তির মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১ম ও ২য় দফা নির্বাচনে সরকারের দলের সন্ত্রাসী কার্যক্রমের পরও বিএনপি সমর্থিত প্রার্থীরা ভাল করায় সরকার তাল হারিয়ে ফেলেছে। তাই পরবর্তী দফায় নজিরবিহীন ভোট ডাকাতি ও ভোট কারচুপির আশ্রয় নেয় আওয়ামী লীগ। ধাপে ধাপে শাসকদলের এই শক্তি প্রয়োগের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, দেশের জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা করে তারা। কিন্তু নির্বাচন কমিশন মুখে তর্জন গর্জন করলেও বাস্তবে ভোট ডাকাতি বন্ধ করতে পারে নি। এমন কি ভোটারদের পছন্দমত প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ করে দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন, নির্বাহী কমিটির সদস্য  বেলাল আহমেদ।
[b]ঢাকা, এমএইচ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]