খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে চলমান সব তৎপরতার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। পাকিস্তানি নাগরিকরা কৌশলে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করছে।
শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে অবৈধ ও বৈধভাবে পাকিস্তানের যেসব নাগরিক প্রবেশ করছে, তারা সবাই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। আমাদের আইনশৃংখলা বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের খুঁজে রেব করতে হবে।’
যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে পাকিস্তানের বক্তব্য উস্কানিমূলক উল্লেখ করে মন্ত্রী বলেন, পাকিস্তান সময়ের ন্যাক্কারজনক মন্তব্য করেছে। তারা এদেশে একাত্তর সালে গণহত্যা চালিয়েছে। এখন সেটি অস্বীকার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী। তাদের অপকর্ম প্রমাণ করার জন্য কোন বই পুস্তক বা দলিলের দরকার নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্যা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এমএইচ





