ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের ‘সমাদ্দার ব্রীজ’-এর রেলিং ভেঙ্গে আজ ২৭ মে বিকেলে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ৯ জন যাত্রী নিহত ও ২৫ জন যাত্রী আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এই শোক প্রকাশ করেন।
জামায়াত নেতা বলেন, “বাস চালকদের অসতর্কতার কারণেই বাস দুর্ঘটনায় প্রতিনিয়তই জানমালের প্রচুর ক্ষয়-ক্ষতি হচ্ছে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে হলে বাস চালকদের যানবাহন চলাচল আইন কঠোরভাবে মেনে চলতে বাধ্য করতে হবে। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করবেন।
বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এমবি





