বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।

তিনি আজ (শুক্রবার) সকাল ৬.৩০টায় রাজধানীর মগবাজারে রমনা থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর এই মুহুর্তে মুক্তি ও সাবেক আমীর, ভাষা সৈনিক মরহুম অধ্যাপক গোলাম আযমের রুহের মাগফিরাত কামনায় দোয়াসহ সরকারের ষড়যন্ত্রের শিকার সকল নেতৃবৃন্দের জন্য দোয়ার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, সেবকের পরিবর্তে বাকশালী চরিত্রের এই দলটি আজ নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের কাছে কোনো মানুষের জান-মাল এখন আর নিরাপদ নয়। হত্যা, গুম, খুন ও অপহরণসহ জুডিশিয়ারি কিলিং এর মাধ্যমে বিরোধী মত ও পথের নিরাপরাধ মানুষগুলোকে হত্যা করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে নানা রকম ফন্দি ফিকিরে ব্যস্ত আওয়ামী সরকার।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের জেনে রাখা উচিত তাদের ষড়যন্ত্রের চেয়ে মানুষকে রক্ষাকারী মহান আল্লাহর পরিকল্পনা অনেক মজবুত। সময়ের ব্যাপার মাত্র জুলুমবাজ এই সরকার জনগণের পাকড়াও এর শিকার হবে। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই হত্যা নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রমনা থানা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইফসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবিরের রমনা থানা সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়ের, ছাত্রনেতা আকরাম হোসেন ও মুরাদ হোসেন প্রমুখ।

এসএইচ