এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জাতীয় বীর নূর হোসেনকে ‘নেশাখোর’ বলে কটাক্ষ করায় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার কড়া সমালোচনা করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, আমি রাঙ্গার এই অশোভন বক্তব্যের নিন্দা জানাই।
তিনি বলেছেন, স্বৈরাচারী এরশাদের অনুসারী ভোটারবিহীন নির্বাচনের সংসদ সদস্য, বর্তমান অবৈধ সংসদ সদস্য রাঙ্গার কাছে শহীদ নূর হোসেনের ব্যাপারে এ ধরনের বক্তব্য বিচিত্র কোনো ব্যাপার নয়। জনগণই ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে এ ধরনের স্বৈরাচারী আচরণ ও কর্মকাণ্ডের জবাব দেবে।
গত রোববার (১০ নভেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত দলীয় এক আলোচনা সভায় নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ বলে আখ্যায়িত করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
রাঙ্গার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বত্রই। অনেকেই নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংসদ সদস্যের পদত্যাগও দাবি করেন।
তবে এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শহীদ নূর হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য টকশো’তে সবার কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
এএস





