বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।  

যুক্তরাজ্য বিএনপি-জামায়াতের উদ্যোগে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট এর সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আবদুল মালেক বলেন, তারেক জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে বর্তমান অবৈধ সরকার ক্ষমতাকে আজীবন করায়ত্ব করে রাখার জন্য ভিন্ন মতকে দমন-নিপীড়নে ব্যস্ত। বারবার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে দলীয় লোক দিয়ে তদন্তের নামে এই মামলা চার্জশিটে তারেক জিয়ার নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। সরকার তারেক জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতের কাঁধে বন্ধুক রেখে এই রায় দিতে বাধ্য করেছে। এই রায় আমরা মানি না।

বিশিষ্ট অনলাইন এক্টিভিস্ট এবং সাবেক ছাত্রনেতা শাকিল মিনহাজ বলেন, বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ‘এ ব্রোকেন ড্রিম’পড়লেই অনুমান করা যায়। সরকারের ইচ্ছাই হচ্ছে রায়। সুতরাং দলীয় সরকারের আজ্ঞাবহ আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই। ২১ আগষ্টের মামলার রায়ও সরকারের ইচছা মাফিক হয়েছে।  

এছাড়া, সমাবেশে ইটালি বিএনপি সাবেক নেতা ও বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত নাজিফ ইকবালসহ যুক্তরাজ্য শাখার অনেক নেতা বক্তব্য রাখেন। বক্তারা তারেক জিয়ার বিরুদ্ধে রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তা প্রত্যাক্ষাণ করেন এবং অবিলম্বে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। 

এমবি