বিগত জাতীয় নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট রাজনৈতিক পরাজয় মেনে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রমাণ করে একমাত্র শেখ হাসিনার অধীনেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।
তিনি আরও বলেন, শেখ হাসিনা জাতিকে ৭২ সালের সংবিধানে ফিরিয়ে নিচ্ছিলেন বলেই তারা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে নির্বাচন বয়কট করেছিল।
আমির হোসেন আমু বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে গণহত্যা চালালেও তাদের মূল লক্ষ্য ছিলো যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।
শিল্পমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত উপজেলা নির্বাচনে অংশ নিলেও তারা গণতন্ত্রের ধারায় ফিরে আসেনি। বরং দেশে গণতন্ত্রের বিরুদ্ধে আগামী দিনে তারা নতুন করে ষড়যন্ত্র করবে।
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও প্রধান বক্তা ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সভাপতিত্ব করেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার।
ঢাকা, এমএইচ, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর