বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বুধবার সকালে মাগুরা সার্কিট হাউজ প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এমএস আকবর এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করনে।
সাজেদা চৌধুরী বলেন, আন্দোলন কতো প্রকার কি-কি আওয়ামী লীগ তা জানে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জ্বীবিত রয়েছে। আওয়ামী লীগ আন্দোলনের ভয় করে না।
মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- জনগণ শেখ হাসিনাকে ৫ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। এ কারণে বর্তমান সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে।
লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্য সম্পর্কে তিনি বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়ে দল সিদ্ধান্ত নেবেন। আর ধর্মীয় বিষয়ে তার বক্তব্যের বিচার আল্লাহ করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রফেসর ডা. এম এস আকবর এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
এমআর





