বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি কান্না করার দল না। তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি কান্না করার দল না, বিএনপি এ জাতিকে বারবার কাঁদিয়েছে। ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে এ জাতিকে কাঁদিয়েছিল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জননেত্রী শেখ হাসিনার উপর ১৯ বার হামলা করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে দেশের মানুষকে কাঁদিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের মানুষকে আবারও কাঁদায় দলটি। তারা হত্যাকারীর দল। এই হত্যাকারীর চোখে অশ্রু মানায় না।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ২০০১ সালে আপনাদের দল যখন ক্ষমতায় এসেছিল, তখন যে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল সে সময় আপনার আবেগ অনুভূতি কোথায় ছিল? এখন আপনার দলের একজন সন্ত্রাসী ঢাকায় রিকশা চালাচ্ছে দেখে আপনি কান্না করছেন। আপনাদের আমলেতো আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করেছিল।’
সম্প্রতি এক আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীদের উপর সরকার মামলা হামলা করছে উল্লেখ করে কান্না করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট কি কারণে আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছিল তার কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার। আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির পিতা হত্যার ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে তাদের তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরী।
ইআর





