আগামীর জাতীয় নির্বাচনে বিএনপিকে সাথে নিয়ে অংশ নিতে চায় আওয়ামী লীগ বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহত ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ (শুক্রবার) সকালে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর একথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আর আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়।
নূর হোসেন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, নুর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। নুর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। এ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
কাদের বলেন, আমরা বললেও বিএনপি নির্বাচনে আসবে, না বললেও নির্বাচনে আসবে। তবে আমরা চাই, বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।
মন্ত্রী বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করলো। আর তাতে গণতন্ত্র থাকলো না, বিষয়টি এমন নয়। সেতুমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র না থাকলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন হতো না। দেশে গণতন্ত্র আছে বলেই এ দু’টি সম্মেলনের জন্য বাংলাদেশকে বেছে নেয়া হয়েছে।
১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এক অবিস্মরণীয় নাম শহীদ নূর হোসেন।
জেড





