বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান,মাওলানা ভাষানীসহ মুক্তিযোদ্ধাদের স্মরণ করলেন মকবুল আহমাদ।

সোমবার রাজধানীর একটি মিলনায়তনে শপথ নেওয়ার পর মকবুল আহমাদ বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব সাধারণ মানুষ ও বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।’

মকবুল আহমাদ বলেন, ‘বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, প্রয়াত রাষ্ট্রতি জিয়াউর রহমান, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতাদের আমি স্বশ্রদ্ধচিত্তে স্বরণ করছি।’

এদিন জামায়াতের প্রচার বিভাগের স্টাফ এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মকবুল আহমাদের লিখিত ভাষণ গণমাধ্যমে পাঠানো হয়।

লিখিত বক্তব্যটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: আজ দেশের এক কঠিন ক্রান্তিকালে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সকল জনগণ ও বীর মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ ভুমিকা ও অকৃত্রিম ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি তাদের কথা আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

বিশেষভাবে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল অবিসংবাদিত নেতাদের আমি স্বশ্রদ্ধচিত্তে স্বরণ করছি।

আজকের এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক নায়েবে আমির মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, সাবেক নায়েবে আমির অধ্যাপক এ কে এম নাজির আহমাদ, সাবেক সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক দুই সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মীর কাসেম আলীসহ সেই সকল শীর্ষ নেতৃবৃন্দকে, যারা আমাদের প্রিয় জন্মভুমি বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণের জন্য আজীবন গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

আর একারণে বর্তমান কর্তৃত্ববাদী সরকার প্রতিহিংসামূলকভাবে তাদের পাঁচজনকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুইজন কারাগারের অন্ধকার প্রকোষ্টে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাত কবুল করার জন্য একান্তভাবে দোয়া করছি। পাশাপাশি আমাদের যে সমস্ত সহকর্র্মী ভাই ও বোনেরা কর্তৃত্ববাদী সরকারের নজিরবিহীন নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি তাদেরও সকলের শাহাদাত কবুল করার জন্য বিগলিতচিত্তে দোয়া করছি।

আমি একান্ত শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয় জননেতা মাওলানা আব্দুস সোবহান এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশ্ব বরেন্য মোফাস্সিরে কোরআন সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ সে সকল নেতাকর্মীদের, যাদেরকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগারে আটক রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সারা দেশে জামায়াত, ছাত্র শিবির, ছাত্রী সংস্থাসহ বিরোধী দল ও মতের হাজার হাজার নেতা-কর্মী মিথ্যা মামলায় হয়রানীর শিকার হয়ে বাড়িঘর ও কর্মস্থল ছেড়ে মানবেতর জীবন যাপন করছেন। অসংখ্য নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। অনেকেই গুম, খুন ও গুরুতর আহত হয়ে অবর্ণনীয় জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, আমি আহতদের সুস্থতা, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান ও সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। গুম হওয়া ব্যক্তিদেরকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন তাদের সকলের ত্যাগ ও কুরবানীকে কবুল করে তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন এই দোয়া করছি।

একই সাথে ফিলিস্তিন, মিশর, সিরিয়া, লিবিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কবলে পড়ে যে সকল মানুষ হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন, তাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। কাশ্মিরের জনগণের ন্যায়সঙ্গত দাবিকে যৌক্তিকভাবে মেনে নিয়ে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। মায়ানমারের নিপীড়িত মুসলমানদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের সরকার এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’’

সোমবার জামায়াতের তৃতীয় আমির হিসেবে মকবুল আহমাদকে শপথ পাঠ করান দলটির প্রধান নির্বাচন কমিশনার এটিএম মাসুম।

এসএম