প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, 'সমাজের সর্বস্তরে যে কালবৈশাখী ঝড় প্রবেশ করেছে তা প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।'
বৃহস্পতিবার রংপুর নগরীর লালবাগ এলাকায় কারমাইকেল কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এরশাদ এ সব কথা বলেন।
এরশোদ বলেন, জীবনে কখনো শুনিনি প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। আমাদের এতটাই অবক্ষয় হয়েছে যে, ফাঁস করা প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হয়। আর অভিভাবকরা তা তাদের কোমলমতি সন্তানদের প্রদান করছে।’
তিনি বলেন, ‘এভাবেই শিশুদের শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড। অথচ সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।’
এরশাদ বলেন, ‘কোচিং সেন্টারের শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে তা শিশুদের কাছে সরবরাহ করছে। এ অনৈতিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।’
কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহারিয়ার প্রমুখ।
জেএ





