গতকাল রোববার আওয়ামীলীগের ২০ তম কাউন্সিলে দেয়া দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫ তম মৃত্যুবার্ষিকী স্বরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেনতিনি। আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গতকাল আওয়ামীলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। যে কোন মুল্য আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তার এ বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক।

ফখরুল বলেন, অথচ কাউন্সিলের প্রথম দিন বিদেশী অতিথিদের সামনে তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, আওয়ামীলিগ গণতান্ত্রিক দল। কিন্তু গতকাল দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় তারা কি চায়। তারা এখন স্বপ্ন দেখছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। দেশে গণতন্ত্র নেই বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে। সেজন্য বিএনপির এখন সবচেয়ে বেশী প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা।

বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সম্পর্কে ফখরুল বলেন, মৃত্যুর আগে পর্যন্ত বিএনপির জন্য তিনি ভূমিকা রেখে গেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ছিল অনেক। এত কম সময়ে তার বর্ণনা দেয়া সম্ভব না। আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান প্রমুখ।

এমবিএইচ