অভিযোগকারী চার সংসদ সদস্য হলেন—শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩৩৮ ফ্লাইট। তবে ফ্লাইটের অধিকাংশ যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ফ্লাইটটিতে ঢাকায় আসা যাত্রীদের মধ্যে অন্তত ৩৫ জন সংসদ সদস্য ছিলেন। লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এর যৌক্তিক কারণ জানানো হয়নি এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগও দেখা যায়নি। এতে যাত্রীদের ভোগান্তি ও হয়রানির সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লাগেজ না পেয়ে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এ পরিস্থিতির দ্রুত সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চার সংসদ সদস্য।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন তার ফেসবুক পেজে অভিযোগপত্রের একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়?’ সাধারণ যাত্রীদের পক্ষ থেকে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া ও কর্তব্যে অবহেলার অভিযোগে তারা চারজন সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্র জানিয়েছে, চার সংসদ সদস্যের অভিযোগপত্র কর্তৃপক্ষ পেয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এস











