বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, বর্তমান অবৈধ সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত  হয়ে উঠেছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এর জামিন বাতিল এবং তাঁকে কারাগারে প্রেরণের ঘটনা সরকারের প্রতিহিংসারই বহি:প্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।
রোববার বিকালে গণমাধমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন,  জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে শীঘ্রই দিতে হবে। বর্তমান অবৈধ সরকার জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করে যাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপ সহ দুর্বিনীত দুঃশাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব ক্ষমতা জবরদখলকারী আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে বলেন, একদলীয় বাকশালী শাসনের পরিনতি কি হয় তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে।
তিনি বলেন, বিরোধী দলের ওপর পাশবিক আক্রমণ চালিয়ে চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে সরকারের অদুরদর্শী ও ন্যাক্কারজনক সকল কর্মকান্ডের বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই জনগণের আন্দোলনের জোয়ারেই এই অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে।
মির্জা ফখরুল অবিলম্বে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
[b]ঢাকা, এমএইচ, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর[/b]