একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সংলাপ-সমঝোতা করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

চট্টগ্রামে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ (শুক্রবার) দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা ফোরাম’আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন।

২০১৮ সালে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপি অংশ নেবেই জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, “এই নির্বাচনে গণজোয়ার হবে। সরকার সমঝোতায় না এলে বাংলাদেশের মাটিতে গণবিস্ফোরণ  হবে। কারণ, এই সরকারের অত্যাচার মানুষের সহ্যের সীমা ছেড়ে গেছে। মানুষের এখন অন্য কোনো আশ্রয় নেই, পথ নেই। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল।”

“নির্বাচনের আগে সরকার সংলাপ-সমঝোতা করতে বাধ্য হবে। কারণ, বাংলাদেশে আগামী নির্বাচন হবে না বিএনপিবিহীন। যেকোনো প্রতিকূল অবস্থায় আমরা নির্বাচনে অংশ নেব। তার আগে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দেবো, সেখানে যে গণজোয়ার হবে, সেটি দেখে সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।” বলেন ব্যারিস্টার মওদুদ।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, “এই সরকারের কাছ থেকে জনগণ একটা কথাই শিখছে, মিথ্যা বলতে হবে। সদা-সর্বদা মিথ্যা কথা বলিবে। কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা কারা করেছে, কে করেছে, সবাই জানে। বাংলাদেশের মানুষ সকলেই জানে, এমনকি যারা এই হামলাকে অস্বীকার করছে, তারাও জানে। এটা আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা করেছে। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে লজ্জাজনকভাবে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের।”

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ আলোচনায় সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

এমবি