মুসলিম বিশ্বের সব মুসলামনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে সকলের কর্তব্য এবং তাদের ঈদ আনন্দময় করার জন্য সকলকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশে গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর।
তিনি বলেন, এই ধর্মীয় উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।
বিএনপি চেয়ারপারসন বলেন, হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব।
তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।
খালেদা জিয়াকে বলেন, ঈদে ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মোমিন মুসলমানেরা ব্রত নিয়ে থাকেন।
এই মর্মবাণী সামাজিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়।
তিনি আরো বলেন, আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।
বিএনপি চেয়ারপারসন বলেন, ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে যে গুরুত্বপূর্ণ একটি মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয় তা হচ্ছে ‘সকলের তরে সকলের আমরা।
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করেন খালেদা জিয়া।
এসএইচ





