পুলিশি বাধায় ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মাছ-মাংস ও ফলমুল নিয়ে আসলেও তাকে দিতে পারেননি তার কর্মীরা।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক কয়েকজন সংসদ সদস্য বৃহস্পতিবার দুপুরে ভ্যানভর্তি করে এসব কাঁচা পণ্য খালেদার গুলশান কার্যালয়ের সমানে নিয়ে আসেন। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তা ভিতরে নিয়ে যেতে পারেননি তারা।

পরে পুলিশের অনুমতি নিয়ে সাবেক তিনজন সংসদ সদস্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

কার্যালয় থেকে বেরিয়ে সুলতানা আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘নেত্রীর খাওয়া-দাওয়ায় সমস্যা হচ্ছে। এই ধারণা থেকে উনার জন্য কিছু কাঁচা-তরকারি নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ খাবার প্রবেশ করতে দেয়নি। তারা বলেছে, রান্না করা খাবার নিয়ে আসতে। আমরা এখন রান্না করা খাবার নিয়ে আসব।’

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, বিলকিস জাহান শিরিন, নুরজাহান বেগম, লাইলী বেগম, সুলতানা আহমেদ, ইয়াসমিন আরা, আঞ্জুয়ানা রহমান, ফরিদা ইয়াসমিন ভ্যানভর্তি মাছ, মুরগি, কাঁচাবাজার নিয়ে কার্যালয়ের পশ্চিম পাশে সামনে আসেন।

এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ তাদের আটকে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো প্রকার কাঁচাবাজার নিয়ে ভিতরে যাওয়া যাবে না। তবে রান্না করা খাবার নিয়ে যাওয়া যাবে।

নিয়ে আসা পণ্যের মধ্যে ছিল- মুরগি, রুইমাছ, আলু, লাউ, কাঁচামরিচ, ধনেপাতা, ফুলকপি, বাধাকপি, লালশাক, লাউশাক, টমোটো, আপেল পেপে, পেয়োরা, বাতাবিলেবু, গাজর, দই, মিষ্টি।

এএইচ