বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের পযর্টন এলাকায় ক্যাসিনোর অনুমতি দেওয়া হবে অনৈতিক।
সারাদেশে অনুমোদনহীন ক্যাসিনো ও জুয়ার আড্ডায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চালানোর মধ্যেই কক্সবাজারের বিশেষ পর্যটন এলাকায় ক্যাসিনোর বসানোর পরিকল্পনা করছে সরকার।
আজ বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন মঈন খান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গত এক সপ্তাহ যাবৎ সারা বাংলাদেশ যেখানে ক্যাসিনো নিয়ে তোলপাড় হয়ে গেল, সেখানে সরকার কীভাবে ঘোষণা করে যে, তারা নাকি বিদেশিদের জন্য বাংলাদেশে ক্যাসিনো করবে।
আমার অবাক লাগে, কীভাবে এত বড় ঘটনার পরও সরকারের পক্ষ থেকে বুক ফুলিয়ে এমন একটি কথা আজকে আমি খবরের কাগজে দেখতে পেলাম।’
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তারা খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এএস





