স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ এই বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে তারা নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে তীব্র আন্দোলনের ঘোষণাও দিয়েছেন।
সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সাম্প্রদায়িক মোদিকে এনে জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করবেন না। দেশের সকল মানুষকে অপমান করবেন না। জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন।”
তিনি আরও বলেন, “মোদি বাংলাদেশের বন্ধু নয়। ভারতেও সে হিন্দুবাদের নামে মুসলমানদের ধ্বংস করছে। সে নিজের ধর্মের মানুষকেও নানান প্রতিবন্ধকতায় ফেলছে।”
সমাবেশের পর প্রেসক্লাব থেকে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
এমবি





