সার্ক সম্মেলন থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করা কখনও গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শনিবার দুপুরে ‘সার্ককে অকার্যকর করার চক্রান্ত রুখে দাঁড়াও শীর্ষক’ এক প্রতিবাদী সভায় এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক শত বছরের। তার (শি জিন পিং) পদার্পণে যে ২৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে সেগুলো বাংলাদেশের অর্থনীতি এবং ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
সার্ক সম্মেলন নিয়ে তিনি বলেন, ‘সার্ক সম্মেলন বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দ্বন্দ্বের জন্য ভারত সার্ক সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ তাতে সমর্থন জানিয়েছে যা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। সার্কের মতো প্রতিষ্ঠিত সংগঠনের সম্মেলন বর্জন করে অন্য সংস্থার সম্মেলনে যাওয়ার কোনো অর্থই হয় না।’
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদিকা হেলেন জেরীন খান প্রমুখ।
জারিফ





