বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন না থাকায় সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টার মতো ঘটনা দেশে একের পর এক ঘটেই চলছে।

এ সব ঘটনার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে যুবদল, ছাত্রদল ও দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ জেহাদের স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

নাজির উদ্দিন জেহাদের ২৬তম শাহাদাত বার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই।

গণতান্ত্রিক রীতিনীতি মেনেও বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকার নেই। গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খাদিজা হত্যাচেষ্টায় অথবা আমাদের এক হাজার ভাই যারা গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দিয়েছেন অথবা ৫০০ ভাই-বোন যারা নিখোঁজ হয়ে গেছেন তাঁদের ব্যাপারে তো আমরা সে আবেগ সৃষ্টি করতে পারিনি।

এ বিষয়গুলো আমাদের ভাবতে হবে। এ বিষয়গুলো তরুণদের ভাবতে হবে। এ বিষয়গুলো ছাত্রদলকে ভাবতে হবে, যুবদলকে ভাবতে হবে।

এনজিও যারা কিছুদিন আগেও  বিভিন্ন রকম কথা বলেছে, আইনে শাসনের কথা। এখন তাদের ওপর এরা চড়াও হয়েছে যে তোমরা আমাদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না।

অর্থাৎ এরা কাউকে ছাড়বে না। ফ্যাসিবাদীরা কাউকেই ছাড়ে না। সুতরাং জাতীয় ঐক্য সৃষ্টি না করলে, সবাই রুখে দাঁড়াতে না পারলে কেউ রেহাই পাবে না।’

এমবি