২০১৫-১৬ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত দেশের সবচেয়ে বৃহত্তম বাজেটকে ‘কল্পনাপ্রসূত ও অবাস্তব’ বাজেট হিসেবে অভিহিত করে এর বাস্তবায়ন দুঃস্বপ্ন বলে দাবি করেছে বিএনপি।
দলটি মনে করে, এই বাজেটে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এবং সরকার এই বাজেট বাস্তবায়নও করতে পারবে না।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট প্রক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন আবুল মাল আবদুল মুহিত। নবমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেছেন তিনি। দেশের ইতিহাসে এটি বৃহত্তম বাজেট।
বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। গত অর্থ বছরে (২০১৪-১৫) বাজেটের আকার ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।
এমএইচ/জেডআই





