জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে ক্ষতির আশঙ্কা আছে বলে মনে করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিষয়ে জাফরুল্লাহ বলেন, আমি অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি। দলের কতিপয় জ্যেষ্ঠ নেতার ভুল সিদ্ধান্ত ও অমানবিক কার্যকলাপের জন্য জামায়াতকে নিষিদ্ধ করলে আরও ক্ষতির আশঙ্কা আছে। আবার এও ঠিক, জামায়াতের উচিত হবে তাদের একাত্তরের কৃতকর্মের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।

তিনি বলেন, জামায়াতের বর্তমান নবীন নেতারা তো বিনা দ্বিধায় বলতে পারেন, আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ কিছু নেতা যেমন পাকিস্তান চাইতেন, গোলাম আযম প্রমুখরা তেমনি পাকিস্তানের সমর্থন করে ভুল করেছেন। আমি আশা করি তাদের পরবর্তী নবীন নেতারা কোনো রকম দ্বিধা না করে জাতির কাছে ক্ষমা চাইবেন, তাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারে পূর্ণ বিশ্বাসী হবেন। তারা নিয়মিতভাবে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করবেন।

বিএনপির সঙ্গে জামায়াতের জোটবদ্ধ আন্দোলন সম্পর্কে জাফরুল্লাহ বলেন, জামায়াতের সঙ্গে বিএনপি সম্পর্ক ছিন্ন করলে আওয়ামী লীগ তার সুযোগ নিতে পারে। ক্ষুদ্র দল হলেও রাজনীতিতে তাদের একটা জায়গা থাকে। ভোটের হিসাবে জাপা ও জাসদকে আওয়ামী লীগের দরকার নেই, কিন্তু তাদের সরকারে রাখার দরকার পড়ে। একই ধরনের হিসাবনিকাশ থেকে জামায়াতকে বিএনপির দরকার। 

এসটি