সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পথচারীদের উপর উঠে যায়। এতে গাড়িচাপায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ (শুক্রবার) বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে ওই সময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না।
সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, “জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে মুসল্লিরা সাক্ষাৎ করছিলেন। তখন মসজিদের পাশের একটি মাঠ থেকে মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি চালক এদিকে আনছিলেন। সেসময় গাড়িটি ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।”
আব্দুর রহমান জামিল বলেন, “তবে অর্থমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি।” আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয়রা জানান, অর্থমন্ত্রী দুপুরে সিলেটে পৌছে তার নির্বাচনী এলাকা নগরীর সোনারপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি যখন মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তখন তার গাড়িটি পার্কিং থেকে বের করছিলেন ড্রাইভার।
এমন সময় গাড়িটির ব্রেক ফেল পথচারীদের উপর উঠে যায়। এতে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর একান্ত সহকারী কবিরুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া’সহ কমপক্ষে ৩০ জন আহত হন।
তাদেরকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কবিরের অবস্থা গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) আব্দুল ওয়াহাব জানিয়েছেন, অর্থমন্ত্রীর গাড়িটি পার্কিং থেকে বের করার সময় এ ঘটনা ঘটে। এ সময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এমবি





