রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আজ মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিকেলে এখানে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসার কথা। ককটেল বিস্ফোরণের সময় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির জন্য ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ক্যানটিনের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটোছুটি শুরু করেন।
এ ঘটনার পরপরই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেতরে কোনো হকারকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকে ছাত্রদলের নেতা কর্মী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এসেছেন। আজ সকালে ককটেল বিস্ফোরণের পরপর এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে কোনো অভিযোগ পুলিশের কাছে দেওয়া হয়নি। এর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।





