ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রদের উপর হামলার নিন্দা করে যুক্তফ্রন্ট নেতারা বলেছেন, সব ছাত্রই আমাদের সন্তান, সুতরাং তাদের প্রতি নিষ্ঠুরতা আমাদের কাম্য নয়।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আসম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ কথা বলেন।

নেতারা বলেন, শনিবারের ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শংকিত না হয়ে পারি না।

তাঁরা আরও বলেন, ক্ষমতার দর্পে অথবা অহংকারে যারা এ ধরণের কাজ করে তারা ভুলে যায় যে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। 

উল্লেখ্য, গতকাল শনিবার (৩০ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরসহ সাত শিক্ষার্থী আহত হন। 

এমবি