২০ দলীয় জোটের হরতালের সমর্থনে আজ (সোমবার) রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল এবং পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়া হরতাল সমর্থকদের সাথে পুলিশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষেরও খবর পাওয়া যায়।

গুলশানে গাড়ি ভাংচুর:

গুলশানের হাতিরঝিল এলাকায় সকাল ১০ টায় প্রায় ২০ টি গাড়িতে ভাংচুর এবং ৫ টি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩০-৪০ জন যুবক হরতালের সমর্থনে স্লোগান দিয়ে গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় সবাই আতঙ্কে চারদিকে ছুটাছুটি করতে থাকে।

শাহবাগে ছাত্রদলের মিছিল:

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান।

মহাখালীতে গাড়িতে আগুন:

সকাল সকাল ১০ টায় মহাখালীর টিবি গেটে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মতিঝিলে এমপির গাড়িতে ভাংচুর:

সকাল ৮.৩০ ফকিরাপুল আরামবাগে পিকেটাররা এমপির স্টীকার লাগানো একটি মাইক্রোবাস ভাংচুর করে এবং বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়।

বসুন্ধরায় ২৫ গাড়িতে ভাংচুর:

সকাল সাড়ে ৮ টায় কমপক্ষে ২০ থেকে ২৫ গাড়ি ভাংচুর করা হয়েছে রাজধানীর বসুন্ধরা গেটে এলাকায়। এ সময় পুলিশ পোষ্ট লক্ষ করে কমপক্ষে ৮ টি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পোষ্টের ইনচার্জ সার্জেন্ট আইনুল।

পুলিশ ফাকা গুলি করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সাধারণ মানুষসহ কমপক্ষে ১০ জন আহত হন।

চকবাজারে জামায়াতের মিছিল:

সোমবার সকাল সোয়া ৭টায় চলমান অবরোধ ও হরতালের সমর্থনে একটি মিছিল রাজধানীর চকবাজারের চৌধুরী বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।

উত্তরায় জামায়াতের মিছিল:

রবিবার সকাল পৌনে ৭টায় রাজধানীর উত্তরা-৭ নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানা। মিছিলে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত থানা আমীর আব্দুল্লাহ রেজা।

বাড্ডায় জামায়াতের মিছিল:

সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর উত্তর বাড্ডা আলীর মোড়ে হরতালে সমর্থনে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনূষ্ঠিত হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাড্ডা থানা জামায়াতের সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন।

লালবাগে মিছিল:

রবিবার সকাল ৭টায় রাজধানীর লালবাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

ইআর/জেআই