করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘ ৫৩ দিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরেছেন।

শনিবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হন তিনি। বাসায় পৌঁছান রাত ৮টা ৪০ মিনিটের দিকে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে বেশিদিন থাকলে ইনফেকশনের শঙ্কা থাকে। তাই তাকে (খালেদা জিয়া) বাসায় নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

এরআগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

এমবি