সরকারের কাছে আমরা আহ্বান জানাই আমাদের নায্য পানির দাবিতে ভারতের সঙ্গে অবিলম্বে চুক্তি করুন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।
তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার সকাল ৯টায় দিকে রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে থেকে তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ শুরু হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের উত্তরাঞ্চলের তিস্তা নদী ও এর অববাহিকায় তিন কোটি মানুষ বাস করে। সেখানে পানি নেই, বিরাজ করছে ধু ধু মরুভূমি। পানির অভাবে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য। অথচ সরকার এ নদীর নায্য পানি আনতে পারছে না।’
তিনি আরও বলেন, ভারত সীমান্তের ওপারে বাঁধ নির্মাণ করেছে। এ কারণে আন্তর্জাতিক নদী তিস্তায় পানি আসতে পারে না।
লংমার্চের গাড়িবহরে আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুর ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবীর খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক এমপি মেহেদি হাসান রুমি, আবুল হোসাইন, লায়ন হারুনুর রশীদ, নাজিমুদ্দিন আলম, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল হক নাসির ও বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা।
লংমার্চে বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীদের গাড়িসহ বিএনপির নেতাকর্মীর শতাধিক গাড়ি ঢাকা থেকে যাত্রা শুরু করেছে।
যাত্রাপথে গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের বাইপাসে, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করবে বিএনপি।
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বুধবার লালমনিরহাটের ডালিয়া নামক স্থানে তিস্তা ব্যারেজের পাশে জনসভার মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শেষ হবে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]