ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘চলমান নাশকতা বন্ধে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু রাতের আধারে প্রেট্রোলবোমা মারা হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলাবাহিনী তাদেরকে নিবৃত্ত করতে পারছেন না। এটা তাদের (আইনশৃঙ্খলাবাহিনী) ব্যর্থতা ধরলেও ধরতে পারেন।’

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থকজোট আয়োজিত ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে রাজধানীর ঢাকা ছাড়া করতে ৩০ মিনিট লাগবে-আমেরিকায় দেয়া বিএনপি নেতা সাদেক হোসেন খোকার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আপনি (সাদেক হোসেন খোকা) আন্দোলন করতে ব্যর্থ হয়ে খালেদা-তারেকের ভয়ে আমেরিকা পালিয়ে গেছেন। আপনার মুরোদ আমাদের জানা আছে। সাহস থাকলে নাশকতার পথ পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে নামুন, দেখি কার কত শক্তি। কথা দিচ্ছি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তখন ঢাকা আওয়ামী লীগ না, বিএনপির তা প্রমাণ হয়ে যাবে।

তিনি বলেন, ব্যরিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, বিগ্রেডিয়ার হান্নান শাহসহ বিএনপির সিনিয়র নেতারা সন্ত্রাস ও নাশকতা পছন্দ করেন না। তাই তারা এখন কোন কথা বলছেন না। আমি আশা করছি খুব শিগগিরই তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপি থেকে বেরিয়ে আসবে।

সংগঠনের সভাপতি ও ঢাকা মাহনগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর, জেএ