হত্যা, গুম ও পঙ্গু করার মাধ্যমে সরকার মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।

তিনি বলেছেন, জামায়াত-শিবিরকে দমনের লক্ষে আওয়ামী অবৈধ সরকার নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগকে ব্যবহার করে জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যা, নির্যাতনসহ মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের সদস্যপ্রার্থী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক নাভিদ আনোয়ারের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন প্রমুখ।

শিবির সভাপতি বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরেই জামায়াত-শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রের সব যন্ত্রকে অবৈধভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কখনো চিরুনি অভিযান, আবার কখনো ভিন্ন নাম দিয়ে নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে।

তিনি বলেন, গুম, হত্যা এখন সরকারের নিয়মিত কাজে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী একদিকে সন্ত্রাস নির্মূলের কথা বলেন, অপরদিকে ছাত্রলীগ নেতাদেরকে দিয়ে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন।

আবদুল জব্বার বলেন, মানুষ গড়ার আঙিনাকে যারা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র বানাচ্ছে তাদের বিরুদ্ধে আওয়ামীলীগের কোন পদক্ষেপ নেই। যারা ফলে আসকারা পেয়ে ছাত্রলীগ এখন শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করতে ব্যস্ত।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতা রাসেলের পা কেটে আলাদা করে সন্ত্রাসীরা হিংস্র উল্লাসে মেতে উঠলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পৃষ্ঠপোষকতা করছে। অপরদিকে নির্যাতনের শিকার নিরপরাধ শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংসের ব্যবস্থা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাব জাতির সামনে পরিস্কার। ইসলামী যে কোন রীতি-নীতির প্রতি সরকারের অবজ্ঞা দেখে জনগণ বুঝতে পেরেছে এ সরকারের কাছে ইসলাম নিরাপধ নয়।

জনগণের আশা, তারা রমযান মাসে মাওলানা নিজামী, আল্লামা সাঈদীর মত আলেমদের কাছ থেকে ইসলামের কথা শুনবে, কুরআনের তাফসীর শুনবে।

কিন্তু জালিম সরকার জনপ্রত্যাশার দিকে তোয়াক্কা না করে অন্যায়ভাবে এই বিশ্ববরেণ্য আলেমদের কারাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে যাচ্ছে। মাওলানা নিজামীসহ জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ঈদের পূর্বেই তাদের মুক্তি দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর