পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে (রবিবার) মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম প্রমুখ।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম রমজানে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেন। পরে দ্বিতীয় রমজানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে ইফতার করেন তিনি। ৪ জুন পেশাজীবী, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে, ৫ জুন রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া ৬ জুন লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১০ জুন মতিঝিলের পূর্বাণী হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইফতারে অংশ নেন তিনি। আগামীকাল ১২ জুন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ১৩ জুন গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে লেবার পার্টি ও ১৪ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এসব পার্টিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বেগম খালেদা জিয়া।
এর আগে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত রবিবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে তাদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
এমই





