বিশিষ্ট সাংবাদিক জনাব শফিক রেহমানকে আজ ১৬ এপ্রিল সকালে তার বাসা থেকে গ্রেফতার করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান ।

শনিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সাংবাদিক শফিক রেহানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

বর্তমান সরকার দেশে জুলুমতন্ত্র কায়েম করেছে। বর্তমান সরকারের আমলে দেশের সাংবাদিকগণ নজিরবিহীনভাবে নির্যাতিত ও নিগৃহীত হচ্ছে। সরকার মিডিয়াকে কুক্ষিগত করে বিবেকবান, নিরপেক্ষ ও আপোষহীন সাংবাদিক এবং পত্রিকার সম্পাদকগণকে একে একে গ্রেফতার করছে। এ সরকারের আমলে সাগর-রুনিসহ বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে।

বিরোধী মতের টিভি চ্যানেল ও সংবাদপত্র সরকারী নগ্ন হস্তক্ষেপে বন্ধ করে দেয়া হয়েছে। যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য খুবই উদ্বেগজনক। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। প্রকৃতপক্ষে দেশে একটি স্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ ও আপত্তির বিষয় উত্থাপন করলেও সরকার তাতে কান দিচ্ছে না।

বিশিষ্ট সাংবাদিক জনাব শফিক রেহমান সরকারের জুলুমের শিকার হয়েছেন। জুলুম-নির্যাতন বন্ধ করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

এমবি