জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, “দেশে প্রতিদিন করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। দেশে সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।”
মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের ব্যর্থতা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে। লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু, বেশিরভাগ জেলাতেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। আবার রাজধানীতে টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছেন না রোগীরা।”
বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, “বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্য রোগে আক্রান্তরাও চিকিৎসা পাচ্ছে না।”
সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দুঃখ প্রকাশ করে বলেন, “আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না।”
ক্ষোভ প্রকাশ করে জিএম কাদের বলেন, “সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী ততটাই অনাগ্রহী মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।”
এমবি





