বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে হত্যা না বলার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৃথিবীর সকল দেশেই এরকম হত্যা হয়। এটাকে হত্যাকান্ড না বলে হোমোসাইড বলুন।

এসময় তিনি মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার সময় এখনো ফুরিয়ে যায়নি বলেও মন্তব্য করেন।

রোববার বিকেলে রাজধানীর এক হোটেলে আলোচনা সভায় বক্তৃতা শেষে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনার সময় ফুরিয়ে যায়নি। এখনও সময় আছে। এটি নিয়ে পরে আলোচনা করা যাবে।’

বাংলাদেশ ইকোনোমিস্টস ফোরামের (বিইএফ) সমাপনী সম্মেলনে প্যানেল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এইচ টি ইমাম আরো বলেন, ‘রাতারাতি সব কিছূ বদলানো যাবে না। উন্নয়নের ধারা সব জায়গায় ধীরে ধীরে প্রকাশ পাবে। আমরা সমস্যা চিহ্নিত করছি।’

এইচ টি ইমাম বলেন, ‘ভারত, মালয়েশিয়াসহ আমেরিকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ হত্যা হয়।’

প্যানেল আলোচনায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান প্রমুখ।

৬০ শতাংশ মানুষ বিহীন ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এমন প্রশ্নের উত্তরে এইচ টি ইমাম বলেন, ‘সংবিধান এবং গণতন্ত্রের জন্য নির্বাচন করা হয়েছে। সাংবিধানিক সংকট হলে আবারো মারামারি, খুন-খারাবি হবে।’

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস