গতকাল (রোববার) সৌদি আরব বাংলাদেশ থেকে আবার লোক নেয়ার কথা বলেছে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, আপনি কী ভাবেন? আর আপনার সৌদি আরব কী ভাবে? এটা আপনি বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে।
সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি মনে করি সহিংস আন্দোলন ও নাশকতা করে কিছুই হবে না। গণতন্ত্রের বিজয় হবেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা কোনো আন্দোলন হতে পারে না। তাই খালেদা জিয়াকে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। আন্দোলন সংগ্রামে আমাদের ঐতিহ্য রয়েছে। তাই এ দেশে আন্দোলন সংগ্রাম হবে এটা স্বাভাবিক। কিন্তু পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করা, এটা আমাদের আন্দোলনের ঐতিহ্যকে নষ্ট করবে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, অবরোধ-হরতালের এই অবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। নইলে ছাত্র সংগ্রাম যে আন্দোলন শুরু করতে যাচ্ছে, তাতে আপনাদের অবস্থা হবে ভয়াবহ।
এ সময় তিনি হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে বলেন, পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার করুন। যাতে ছোট ছোট ছেলে মেয়েরা পরীক্ষা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। হরতাল প্রত্যাহার করে এই কাজে আপনিও অংশগ্রহণ করতে পারেন।
সংগঠনের সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধ আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।
এমআর/কেএইচ





