আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেনিন বলেছেন, আওয়ামী লীগের ভেতরে কিছু দৃষ্কৃতকারী বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে। তাদের উপড়ে ফেলতে হবে। এই বিষফোঁড়ার দায় আওয়ামী লীগ নেবে না।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
লেনিন বলেন, আমরা বলি না আমাদের দলের সবাই ফেরেশতা। যারাই অপরাধ করুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের দলের মধ্যে কেউ কেউ সরকারের সুযোগ নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন।” তাদের স্থান আর দলে থাকবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
‘আওয়ামী লীগ পচে গেছে’- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে নুহ-উল-আলম লেনিন বলেছেন, আমরা পচিনি। পচে গেছেন খালেদা জিয়া, তারেক জিয়া, তার দল ও দলের নেতারা। এখনো মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভালোবাসে।
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করে লেনিন বলেন, এ জন্য বাস্তুহারা ও গরিবদের শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]