কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীকে বর্তমান অবৈধ সরকারের হিংসাত্মক রাজনীতির বহি:প্রকাশ বলে আখ্যায়িত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দলকে নিষ্ঠুর দলনে আনন্দ পায় এই ভোটারবিহীন সরকার।
শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, ভোটারবিহীন বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লাগামহীন প্রতিহিংসামূলক আচরণে দেশবাসী অতিষ্ঠ। একক রাজত্ব কায়েম রাখার স্বার্থে বিরোধী দলের ওপর অব্যাহত দমনমূলক কর্মকান্ড চালানো হচ্ছে। হত্যা, গুমসহ হানাহানির প্রাণঘাতি সন্ত্রাসের রাজত্বে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণরুপে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, পদলেহী সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না। জণগণের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিলে তাদের অস্তিত্বই থাকেনা। তাই পেশী আর অবৈধ অস্ত্রই হচ্ছে তাদের ক্ষমতায় থাকার গ্যারান্টি। আর এই জন্য তারা বিরোধী দলকে নানাভাবে অবদমিত ও শৃঙ্খলে আটকে রাখতে পৈশাচিক অত্যাচারের বেড়াজাল তৈরী করে চলেছে।
তিনি বলেন, বিএনপি নেতা এ্যাডভোকেট ফজলূর রহমান রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলূর রহমানকে রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতারী পরোয়ানা জারী আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং জোর করে ক্ষমতা দখল করে রাষ্ট্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করা তাদের ঐতিহ্যেরই অংশ।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের পক্ষে বড় বড় বুলি আউড়িয়ে এবং নির্লজ্জ মিথ্যাচারকে পূঁজি করে বর্তমান অবৈধ সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে মনে করছে, কিন্তু জনগণ যে বিভ্রান্ত না হয়ে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে তা তারা টের পাচ্ছে না।
তিনি অবিলম্বে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট ফজলূর রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
এমএইচ





