শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে ড. কামাল হোসেন বলেন, “কত পয়সা পেয়েছো এসব প্রশ্ন করতে? শহীদ মিনারের এসে শহীদদের অশ্রদ্ধা করো। শহীদদের কথা চিন্তা করো।”
আজ (১৪ ডিসেম্বর) শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা। স্মৃতিসৌধে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় জামায়াতে ইসলামীর প্রসঙ্গে ড. কমাল হোসেনের অবস্থান জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “কত পয়সা পেয়েছো এসব প্রশ্ন করতে? চিনে রাখবো। কত পয়সা দিয়েছে? চুপ করো, খামোশ। শহীদ মিনারের এসে শহীদদের অশ্রদ্ধা করো। শহীদদের কথা চিন্তা করো।”
এর আগে ড. কামাল হোসেন বলেন, “আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি। অর্থপূর্ণ করি সকলের জন্য। যারা ব্যক্তিস্বার্থ নিয়ে আখের গোছাতে চাচ্ছেন তাদের জন্য নয়। শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর পূর্বশর্ত হচ্ছে জনগণের ঐক্য।”
এরপর বাসায় ফেরার পথে কামাল হোসেন, আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও জগলুল হায়দার আফ্ররিকের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে রবের চালক মোহাম্মদ পলাশ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে অক্ষত আছেন কামাল হোসেন।
এই ঘটনায় পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
এমবি





