অবৈধ সরকারের মন্ত্রীরা জল্লাদের ভুমিকায় অবতীর্ণ হয়েছে দাবী করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, সরকারের মন্ত্রীরা তাদের মন্ত্রীত্ব টিকিয়ে রাখার স্বার্থে জিয়া পরিবারের বিরুদ্ধে বিষদগার করে লাগামহীন বক্তব্য দিচ্ছেন।
রবিবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশেষ করে সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার বক্তব্য শুনে মনে হয় তিনি তার মন্ত্রীত্ব বাঁচিয়ে রাখতেই মরিয়া হয়ে উঠেছেন।
দেশবাসী অনেক আগেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন এখন বাকস্বাধীনতা হরন করার জন্য সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার গণতন্ত্রের বদলে নিরঙ্কুশ জমিদারতন্ত্র কায়েম করছে।
গতকালের ২০ দলীয় জোটেরে উদ্যেগে কালো পতাকা মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনীর বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন সরকারের মধ্যে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ঠ নেই। এসময় রিজভী দলের চেয়ারপারসনের পক্ষ থেকে কালো পতাকা মিছিল সফল করার জন্য বিএনপি নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাকর্মী এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর গতকালের দেয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, বিএনপির এই নেতা বলেন প্রধানমন্ত্রী বরাবর মত এবারো মিথ্যার আশ্রয় নিয়েছে। তার বক্তব্য দেশবাসীর কাছে অত্যন্ত পরিষ্কার। কারন দেশের জনগণ এটাও জানে জিয়াউর রহমান হত্যার দিন বর্তমান প্রধানমন্ত্রী সীমানা পেরিয়ে পার্শবর্তী দেশে কেন যেতে চেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে ১৯ আগস্ট সম্প্রচার নীতিমালা বাতিলের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল ও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ কর্মসুচির বিষয়ে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





