আওয়ামী লীগ দেউলিয়াত্বের শেষ সীমায় এসে পৌঁছেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলের পরিবর্তে ভোট ডাকাতের দলে পরিনত হয়েছে।
শনিবার বিকালে তৃতীয় দফা উপজেলা নির্বাচন নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন,  এই অবৈধ সরকার রাজনীতি ও অর্থনীতি সব ক্ষেত্রে দেউলিয়া হয়ে পড়েছে। জনগণ দ্বারা প্রত্যাখাত হয়ে অজানা আতঙ্কে সন্ত্রাস আর গুন্ডামির উপর ভর করে দেশ চালাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের টাকায় কেনা অস্ত্র জনগণের বুকে চালাচ্ছে সরকার। দেশের সম্পদ লুট করে নিজেদের আত্মীয় স্বজন ও দলের লোকদের পুষ্টি সাধন করছে। সরকারি দলের দুর্বৃত্তপনা দেশের জনগণের জান মালের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রতি জনগণের গণ জোয়ার দেখে পরাজয় ঠেকাতে সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে পুলিশ র‌্যাব কাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি অভিযোগ করে বলেন, প্রশাসন আগের দুই দফা উপজেলা নির্বাচনের মত এবারও আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগের ভুমিকা পালন করেছে। বিভিন্ন স্থানে বিএনপি ও ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে সরকার দলের প্রার্থীর সমর্থকরা অবাধে জাল ভোট দিয়েছে, ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির মহাউৎসব করেছে।
রিজভী বলেন, ২৬টি উপজেলায় কারচুপির বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ করার পর কমিশন অভিযোগ গ্রহণ করলেও ব্যবস্থা গ্রহন করেনি। এমনকি প্রশাসনকেও কোন ব্যবস্থা নিতে নির্দেশ দেয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ, দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীনসহ অনেকে।
[b]ঢাকা, এমএইচ, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]